ঢাকা বুধবার , ১০ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসককে মারধর, জড়িত ঢাবি শিক্ষার্থীদের বিচার দাবি

আইএম নিউজ
আগস্ট ১০, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষার্থীর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

বুধবার (১০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। এসময় হামলার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, শুধু ডা. সাজ্জাদ নয় অনেকের সঙ্গেই এরকম ঘটনা ঘটে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করেছি। তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা চাই আজকের মধ্যেই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে আগামীকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।

ইপিচ সদস্য জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, আমরা এরইমধ্যে মিটিং করেছি, আমাদের ডিরেক্টর, প্রিন্সিপালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আলোচনা করেছি। আমরা বলেছি, আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনেন। তা না হলে ইন্টার্ন চিকিৎসক পরিষদ তাদের পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপদগামী শিক্ষার্থীর হামলার শিকার হন ঢামেকের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাজ্জাদ।

সংবাদটি শেয়ার করুন....