চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে ‘এমভি জায়ান’ নামের একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় জাহাজটি ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে ১২শ’ টন সিরামিক শিল্পের কাঁচামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি জায়ান। পরে ওইদিন রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর শনিবার সকালে উপকূলে আনার সময় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। এরপর ডুবতে শুরু করে জাহাজটি।
এমভি জায়ান নামে জাহাজটিতে থাকা সব কাঁচামাল নষ্ট হয়ে গেছে। তবে ১৩ নাবিক নিরাপদে রয়েছেন। জাহাজটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
