ঢাকা মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে রমিজ উদ্দিন হত্যা মামলায় শামসুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিন একই জেলার মুক্তাগাছা উপজেলার তারাঢি ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্তা সরকার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সঞ্জিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ১০ মে রফিজ উদ্দিন (নিহত) আসামি শামসুদ্দিনের বাড়ির সামনে বসে বাঁশের চাটাই বুনন করছিলেন। সে সময় রফিজের স্ত্রী তাকে গুড়ের খুরমা খেতে দেন। এরপর রফিজের পানি পিপাসা হলে শামসুদ্দিনের রান্নাঘর গিয়ে তিনি এক গ্লাস পানি পান করেন। তখন না বলে রান্নাঘরে ঢুকে পানি পান করার অভিযোগে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোহার শাবল দিয়ে রফিজের মাথায় কয়েকটি আঘাত করেন শামসুদ্দিন। এতে ঘটনাস্থলেই রফিজের মৃত্যু হয়। এর পরপরই শামসুদ্দিন পালাতে গেলে স্থানীয় ফকিরগঞ্জ বাজারে মোস্তফা নামে এক ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করেন। সে সময় শামসুদ্দিন তাকেও শাবল দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা শামসুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ওইদিন শামসুদ্দিনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে শামসুদ্দিন কারাগারেই ছিলেন। এ ঘটনার সাত বছর পর আসামির উপস্থিতিতে আদালত শামসুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

সংবাদটি শেয়ার করুন....