ঢাকা রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাদকের মামলায় বিদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নগরের বাকলিয়া থানার একটি মাদক মামলায় মোছাম্মৎ নূর তাজ (২৮) নামে এক বিদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পিপি আবু জাফর।

সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইদ্রিসের স্ত্রী মোছাম্মৎ নূর তাজ। তিনি মিয়ানমারের নাগরিক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের সামনে এস আলম বাস থেকে নূর তাজ ও এক শিশুকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নূর তাজ থেকে ৬ হাজার ও শিশুটি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র জমা দেন। অভিযোগ পত্রে একজন শিশু থাকায় শিশুটির বিচার চলছে শিশু আদালতে। ২০২২ সালের ৫ জানুয়ারি আসামি নূর তাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বিদেশি নাগরিক নূর তাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নূর তাজ জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....