ঢাকা মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমাদের কি ভাষা আন্দোলন শেষ !

সম্পাদকীয়
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আমার বড় পাওয়া, আমি বাঙালি। বাংলায় কথা বলি। কোটি কোটি শ্রদ্ধা, যারা আমার ভাষার জন্য প্রাণ দিয়েছেন। একুশের চেতনা সর্বদা লালন করি নিজের মাঝে। বাঙালি জীবনে একুশে ফিরে ফিরে আসে নবজীবনের ডাক নিয়ে। একুশ আসে ভাষা চেতনায় গোটা জাতিকে শানিত, উদ্ধুদ্ধ করতে। কেননা একুশ আমাদের মননের বাতিঘর। একুশ মানে মাথা নত না করা। একুশ ডাক দিয়ে যায় উদ্দীপনের, উজ্জীবনের।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আবার ফিরে আসায় নতুন করে শপথ নিতে হবে। রক্ষা করতে হবে মাতৃভাষার মান। এর মধ্য দিয়ে ভাষাশহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে প্রতিষ্ঠিত করতে হবে সুমহান মর্যাদার আসনে। ফেব্রুয়ারি এলেই আমাদের মধ্যে নতুন করে ভাষাপ্রেম জেগে ওঠে। আমরা বলে উঠি.. ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা।’
ইতিহাসে বাঙালি ছাড়া আর কোনো জাতি তার নিজের ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেনি, অকাতরে জীবন বিলিয়ে দেয়নি। একারণে বাঙালির এই মহান আত্মত্যাগকে গোটা বিশ্ব স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে। এর মধ্য দিয়ে তারা জানবে আমাদের ত্যাগ-তিতিক্ষার কথা। তারা জানবে বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিসত্তার অনন্য গৌরবের কথা। একুশের মূল চেতনা ছিল রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা চালু করা। দেশের সকল মানুষ যাতে নিজের ভাষায় লেখতে পড়তে পারে সেটি নিশ্চিত করা। কিন্তু বাস্তবে কি তাই হয়েছে? এখনও সর্বস্তরে বাংলা চালু হয়নি। উচ্চ আদালত, প্রশাসনসহ সর্বত্র এখনও ইংরেজির দাপট। এমনকি ডাক্তারের ব্যবস্থাপত্র পর্যন্ত লেখা হয় ইংরেজিতে। সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, বিজ্ঞাপন সব কিছুতে অপ্রয়োজনীয় ইংরেজির ছড়াছড়ি। যদিও এদেশের বিপুল সংখ্যক মানুষ এখনও অক্ষর জ্ঞানহীন। তাই প্রকৃতার্থে ভাষা আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। যতদিন একজন মানুষও নিরক্ষর থাকবে ততদিন ভাষা আন্দোলন চলবে। এবারের একুশে এই বোধ জেগে উঠুক সকলের মধ্যে-এটাই প্রত্যাশা। সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সংবাদটি শেয়ার করুন....