ঢাকা বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় সস্ত্রীক বিএনপি নেতা নিহত

অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বাসের ধাক্কায় স্ত্রীসহ মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছে তার মেয়ে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মদন-খালিয়াজুরী সড়কের আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক পাঠকক্ষ সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী নান্টু (৪৫) এবং তার স্ত্রী নাইস আক্তার (৩৮)। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর ছেলে। আহত তার শিশু মেয়ে চৌধুরী ফারিয়া আক্তার ( ৯)।

আজহারুল ইসলাম নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

বিএনপির এই নেতা ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী।

আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, খালিয়াজুরী গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নাগড়ার বাসায় যাচ্ছিলেন আজহারুল ইসলাম। পথে মাটিকাটা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে খান এন্টারপ্রাইজ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করছিল।

এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন আজহারুল ইসলাম চৌধুরী মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার স্ত্রীর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন....