কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের পিটুনিতে আব্দুল মালেক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে মারধরের পর রাতে মারা যান তিনি।
নিহত আব্দুল মালেক জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী জোছনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। তবে ছেলে সেলিম (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, বৃদ্ধ মালেকের ৬ ছেলের মধ্যে সেলিম তৃতীয়। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর থেকেই মালেকের উপর পারিবারিক বিষয় নিয়ে ক্ষিপ্ত হয় সেলিম। তাকে সঙ্গ দেয় তার মা জোছনা বেগম। এর জেরে মঙ্গলবার বিকালে মা ও ছেলে মিলে বৃদ্ধ মালেককে পিটিয়ে গুরুতর আহত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত মালেকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত ছেলে সেলিম পালিয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
