ঢাকা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আইএম নিউজ
জুলাই ২৮, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণের ঘটনায় মো. সবুজ (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

এ দিন রায় ঘোষণার পর সাজা পরোয়ানায় আসামি সবুজকে কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ নভেম্বর ওই শিশুর মা-বাবা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাইরে যান। ওই সময় শিশুটির এক আত্মীয় বাসায় থাকলেও সন্ধ্যায় তিনিও ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে যান। এই সুযোগে আসামি সবুজ পাঁচ বছরের ওই শিশুকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীকালে সন্ধ্যার পর শিশুটির মা ও বাবা বাড়িতে আসলে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে একই দিন শিশু ধর্ষণের অভিযোগে রাজধানীর আদাবর থানায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনার পরদিন আসামি সবুজকে গ্রেফতার করে পুলিশ।

একপর্যায়ে তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ২০২২ সালের ১০ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। এরমধ্যে বিচারকালীন বিভিন্ন সময়ে আদালত নয় জন সাক্ষীর মধ্যে সবার সাক্ষ্যগ্রহণ করেন। সবশেষ বৃহস্পতিবার এই রায় দিলেন আদালত।

সংবাদটি শেয়ার করুন....