কলমাকান্দা প্রতিনিধি :: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১১ বছরের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সকালে শিশুটির দাদা বাদী হয়ে কলমাকান্দা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার পর অভিযুক্ত জুয়েল মিয়াকে (২২) গ্রেফতার করে পুলিশ। জুয়েল মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের নেকবর আলীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী শিশুটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের একজন ভাতাভোগী। বেশ কয়েক বছর আগে তার বাবা প্যারালাইসিসে আক্রান্ত হন। কিছুদিন পর তার মা বিয়ে করে অন্যত্র চলে যান।
এরপর থেকে ওই শিশুটি তার দাদা-দাদীর কাছেই থাকে। শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে একটি ক্ষেতের আইলে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছু সময় পর দুজন প্রতিবেশি জানান- শিশুটিকে ধর্ষণ করা হচ্ছে। খবর পেয়ে তার দাদী সেখানে গেলে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। এ সময় শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আর গ্রেফতারকৃত জুয়েল মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
