নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেট খাইয়ে বাড়ির পাশে ঝোপে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ করেছে বাহার উদ্দিন নামে এক ব্যক্তি। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলা দায়ের করেন। এর আগে শনিবার বিকাল ৫টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতার বাহার উদ্দিন (৫৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুর ইসলামের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে একই এলাকার অভিযুক্ত বাহার উদ্দিন বাকপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কোনো চিৎকার করতে পারেনি।
ধর্ষণ শেষে ধর্ষক ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২-৩ জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম শুয়ে আছে। পরে ভিকটিমকে জঙ্গলে শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ইশারায় জানায়- চকলেট খাইয়ে জঙ্গলে নিয়ে তার পরিহিত পায়জামা খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
