নেত্রকোনা প্রতিনিধি :: নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কার প্রার্থী আসমা সুলতানা আশরাফের (৪৫) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আসমাসহ তার তিন কর্মী মো. ফারুক আলী, মো. আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন আহত হন।
আহতরা বর্তমানে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
আসমা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক পার্টির আহ্বায়ক।
আহত প্রার্থী জানান, তিনি বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারের কাজ করছিলেন। সন্ধ্যায় তিনি পাঁচগাঁও মোড়ে একটি চা স্টলের সামনে বসে চা খাচ্ছিলেন। তাকে দেখে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তার সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত আনারস মার্কার অসিত সরকারের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ তার তিন কর্মী আহত হন। এ সময় ক্যামেরা, মোবাইল, হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে তারা এসে উদ্ধার করলে আসমাসহ তার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ বিষয়ে আনারস প্রতীকের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসিত সরকার বলেন, আমার কোনো কর্মী-সমর্থক আসমা সুলতানা আশরাফ ও তার কর্মীদের ওপর কোনো ধরনের হামলা করেনি। খোঁজ নিয়ে যতটুকু শুনেছি, ওই প্রার্থী কয়েকজন ভোটারকে রাতে ডেকে এনে কয়েক হাজার করে টাকা হাতে গুঁজে দিচ্ছিলেন। এ সময় আসমা আশরাফের লোকজনই নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে হট্টগোল শুরু করে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও নির্বাচনে আমার সুনাম নষ্ট করতে তিনি এখন আমার কর্মী-সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি। তবে সেখানে পৌঁছে প্রার্থী আসমা সুলতানা আশরাফের প্রতিপক্ষের বা হামলাকারীদের কাউকে পাইনি।
