ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মসলার উপর ৫০ শতাংশ শুল্ক, চাপ বাড়বে মার্কিন রান্নাঘরে

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নতুন করে ভারতের উপর আরোপিত ৫০ শতাংশ আমদানি শুল্ক যুক্তরাষ্ট্রের রান্নাঘরে ঝাল-মশলার স্বাদে বাড়তে পারে খরচ। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপ পড়বে আমদানিকৃত মসলাজাত পণ্যে, যার বড় অংশই আসে ভারত থেকে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস

মার্কিন কৃষি বিভাগের তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে ৪১০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের মসলা আমদানি করেছে। এসবের মধ্যে রয়েছে দারুচিনি, গোলমরিচ, জয়ফল ও লবঙ্গ যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয় বললেই চলে।

বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক লরা শুমো বলেন, ‘এই শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াবে না বা কর্মসংস্থান তৈরি করবে না। বরং এটা খাদ্য প্রস্তুতকারী, রেস্তোরাঁ এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর আর্থিক বোঝা তৈরি করবে।’

এ ধরনের শুল্কনীতি মার্কিন মসলা শিল্পকে একপ্রকার বিপদে ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ম্যাককরমিকের মতো বৃহৎ মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে জানিয়েছে, নতুন এই শুল্ক নীতির কারণে তাদের বার্ষিক ৯০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে।

তবে আশার কথা, ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আওতায় এমন কিছু পণ্যের ওপর শুল্ক ছাড়ের সুযোগ রাখা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয়। শুল্ক কমানোর এই পদ্ধতি ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য করা যায় কি না সে বিষয়ে আশাবাদী আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশন।

লরা শুমো বলেন, ‘সঠিক ও লক্ষ্যভিত্তিক বাণিজ্যনীতি গ্রহণের মাধ্যমে মসলা শিল্প ও অন্যান্য ব্যবসা যেমন লাভবান হতে পারে, তেমনি সাধারণ পরিবারের জন্য বাজার খরচও সহনীয় রাখা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন....