আলঙ্কাতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিতব্য বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। রোববার (১০ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও আলোচনায় অবগত একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, জেলেনস্কির সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আলাস্কায় বৈঠকে থাকবেন কিনা তা এখনো পরিষ্কার নয়, তবে “নিশ্চিতভাবেই” এমন সম্ভাবনা রয়েছে বলে সূত্র উল্লেখ করেছে। ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, “সবাই খুব আশা করছে যে বিষয়টি বাস্তবায়িত হবে।”
এনবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে উন্মুক্ত অবস্থানে আছেন। ওই কর্মকর্তা বলেন, “এ মুহূর্তে হোয়াইট হাউস মূলত প্রেসিডেন্ট পুতিনের অনুরোধে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে।”
প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। এটি হবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক। এর আগে ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়েছিল।
শনিবার ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেছেন, চলমান সশস্ত্র সংঘাতের সমাধান অবশ্যই কিয়েভ ও ইউরোপের “গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ” সুরক্ষিত রাখতে হবে। তাদের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, “ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনে শান্তির পথ নির্ধারণ করা যাবে না।”
এদিকে, গত বৃহস্পতিবার মস্কোয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে তার কোনো আপত্তি নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, এমন আলোচনার জন্য আগে প্রয়োজনীয় শর্ত তৈরি করতে হবে।
