নিজেদের প্রচেষ্টায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ব্যবস্থাটির নাম দেয়া হয়েছে ‘সুদর্শন চক্র’। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ভারতের কৌশলগত, বেসামরিক এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সম্ভাব্য শত্রু আক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্যে দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি বাস্তবায়নের সিদ্ধান্ত নয়েছে ভারত সরকার।
ধারণা করা হচ্ছে, ভারতের আসন্ন ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোমের চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী হতে পারে। এটি বহু-স্তরীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক যা বিমান আক্রমণ প্রতিরোধ করার জন্য পরিচিত।
মোদির মতে, মিশন সুদর্শন চক্র উন্নত নজরদারি, বাধাদান এবং পাল্টা আক্রমণ ক্ষমতা একীভূত করবে। এমনটি হলে আকাশে, স্থলে এবং সমুদ্রে হুমকির দ্রুত নিরপেক্ষকরণে সক্ষম হবে।
বর্তমানে, ভারত রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে, যা একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। তবে, ‘সুদর্শন চক্র’ সামরিক ঘাঁটি, বেসামরিক এলাকা, জাতীয় গুরুত্বপূর্ণ ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য আরও বিস্তৃত ঢাল হিসেবে ব্যবহার করা যাবে।
মোদী বলেছেন, প্রতিটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের প্রযুক্তি-চালিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই প্রকল্পটি ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকরী হবে।
দেবতা কৃষ্ণের কিংবদন্তি ‘সুদর্শন চক্র’ থেকে অনুপ্রাণিত হয়ে নামকরণ করা হয়েছে এই ব্যবস্থার। এটি বাস্তবায়নে জন্য সমগ্র গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন প্রক্রিয়া ভারতের মধ্যেই পরিচালিত হবে বলে জানান নরেন্দ্র মোদি। এই প্রকল্পে দেশের যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
