বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার উপকমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। ইইউর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে। এ সময়ে তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠ পর্যায়ে কর্মরত বহুপাক্ষিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাদের।
২০২৪ সালের গণবিক্ষোভ আন্দোলনের সহিংস দমন-পীড়ন এবং পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকার নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে ইইউ ও বাংলাদেশ নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা আবারও শুরু করেছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং ইইউ-বাংলাদেশ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইউরোপীয় সংসদের এই প্রতিনিধি দল সুশাসন ও মানবাধিকার অগ্রগতি সম্পর্কে জানতে এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন বিষয়ে আলোচনা করবে।
