ঢাকা সোমবার , ৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারবিরোধী বিক্ষোভ থেকে এবার মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। সোমবার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। এদিন রাস্তায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত মহাসাগরের দ্বীপদেশের রাজধানী আনতানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত পানির ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে গত মাসে শুরু হওয়া এ বিক্ষোভ শিক্ষার্থীরাই সরকারবিরোধী বড় আন্দোলনে পরিণত করেন।

কেনিয়া ও নেপালে হওয়া ‘জেন জি’ বিক্ষোভ থেকে অনুপ্রাণিত এ বিক্ষোভ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতায় ফেলেছে। আন্দোলনকারীরা খনিজ সম্পদে পরিপূর্ণ দেশটির চরম দারিদ্র্য ও ব্যাপক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের শান্ত করতে দিনকয়েক আগেই দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের সিংহভাগই এখন ৫১ বছর বয়সী প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন।

বিক্ষোভের শুরুর কয়েক দিনেই অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন বলে জানিয়েছিল জাতিসংঘ। দেশটির সরকার অবশ্য এই সংখ্যা প্রত্যাখ্যান করেছে। শুক্রবার এক ভাষণে রাজোয়েলিনা তার পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন....