কনক বড়ুয়া, কক্সবাজার প্রতিনিধি :: অবশেষে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করেছে একঝাঁক রোহিঙ্গা যুবক। উখিয়ার একমাত্র এই খেলার মাঠ দখল করে ফুটবল খেলতে নেমেছিল ৫০ জন রোহিঙ্গা। এ সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ও বি-৫ ব্লকসহ বিভিন্ন ক্যাম্পের বলে জানা গেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান সজিব এসব রোহিঙ্গাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ‘এমনিতে উখিয়া মাঠের অবস্থা তেমন ভালো না। আমরা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করি। তার মধ্যে রোহিঙ্গারা দখল করে রেখেছে। এটি আমাদের জন্য হুমকি স্বরুপ হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।’
রিপোর্টার্স ইউনিটির উখিয়ার দপ্তর সম্পাদক আলাউদ্দিন সিকদার বলেন, ‘এটি একটি যুগান্তকারী উদ্যোগ। রোহিঙ্গারা যে সদর পর্যায়ে চলে আসছে এটা মেনে নেওয়া যায় না। আমরা যেখানে আমাদের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি সেখানে যদি রোহিঙ্গারা এসে আমাদের অধিকার হরণ করে তাহলে এটা আমাদের জন্য ভবিষ্যতে অনেক বড় হুমকি হয়ে দাড়াবে।’
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘কোটবাজার থেকে উখিয়ায় প্রবেশের আগে মাঠের কাছাকাছি গেলে কিছু স্থানীয় যুবক আমাকে রোহিঙ্গারা ফুটবল খেলার মাঠ দখল করে খেলার কথা জানান। রোহিঙ্গাদের কারণে তারা খেলতে পারছেন না। পরে মাঠে ঢুকে খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তারা রোহিঙ্গা বলে পরিচয় দেন।রোহিঙ্গাদের কারণে স্থানীয় খেলোয়াড়রা মাঠে খেলতে পারছেন না।’
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী তাৎক্ষণিক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিবকে বিষয়টি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি রোহিঙ্গাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ৫০ জন রোহিঙ্গা আমাদের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব জানান, ‘আটককৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
