ঢাকা রবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের পাহাড় থেকে ২০০ ফুট খাদে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি

আইএম নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে থানচি ও আলিকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড়ের গভীর খাদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তার একটি পাজেরো সরকারি গাড়ি পড়ে গেছে। এতে ওই কর্মকর্তার পরিবারের ৫ সদস্য আহত হয়েছেন।

থানচি আলিকদম উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২), পরিচালকের সহধর্মিণী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২০) ও গাড়িচালক নুর নবী ৪২।

আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনমাস্টার আবদুর কাদের ও থানচি স্টেশনমাস্টার মোহাম্মদ ইসমাইল জানান, আলিকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার ডিম পাহাড় থেকে প্রায় ২০০ ফুট নিচে খাদে একটি সরকারি গাড়ি পড়ে যাওয়ার খবর জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, থানচি উপজেলায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষ করে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে রওনা দিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান। সকাল সাড়ে ৯টার দিকে ডিম পাহাড়ে আলিকদম-থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট খাদে পড়ে যায়।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, দুর্ঘটনা কবলিত হয়ে পরিবারের সবাই আহত হয়েছেন। এর মধ্যে গাড়িচালকের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন....