গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আলহাজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে টঙ্গীর নীমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আলহাজ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার জয়নগর বাজার এলাকার জরুর মিয়ার ছেলে। সে বসুগাঁও এলাকার জনৈক হযরত আলীর ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করত।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বড় ভাই ফরহাদের সঙ্গে বাসা থেকে টঙ্গীর নীমতলী এলাকায় যায় আলহাজ। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আলহাজ। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, শিশুটি নীমতলীর কোনো এলাকায় আঘাতপ্রাপ্ত হয়েছে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনাস্থলটি নরসিংদী রেলওয়ে পুলিশের অধীনে হলে লাশটি হস্তান্তর করা হবে। শিশুটি কোন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, শিশু মৃত্যুর ঘটনার কোনো খবর এখনো পাইনি। নরসিংদী রেলওয়ে পুলিশের অধীনে হলে লাশটি আনা হবে।
