ঢাকা শুক্রবার , ৩০ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আইএম নিউজ ডেস্ক
মে ৩০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকের চাপায় রবিউল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাগর শেখ (২৮) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে

মোটরসাইকেলে থাকা দুই আরোহী হলেন- মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের রবিউল ইসলাম ও মো. সাগর শেখ।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সাগর শেখ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার অন্তর্গত জয়নগর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।

জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে সড়কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সংবাদটি শেয়ার করুন....