ঢাকা রবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দুটি ফার্মেসীকে জরিমানা

মো. শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী
জানুয়ারি ২২, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে অভিযান চালিয়ে প্রতিশ্রুত ওষুধ যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দুটি ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন, রাজবাড়ী পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারক কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার বসন্তপুর ও মূলঘর ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে প্রতিশ্রুত ওষুধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করার অপরাধে সরকার ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে প্রতিশ্রুত ওষুধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে একই বাজারের ময়না ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, জনস্বার্থে আমরা ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করছি।

সংবাদটি শেয়ার করুন....