ঢাকা বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইটভাটায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় রোকেয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইটভাটায় বসবাস করা শ্রমিকদের প্রায় শতাধিক খুপড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এনবিএম ইট খোলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত রোকেয়া (২৭) এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী।

শ্রমিকরা জানান, হারুন ও রোকেয়ার এক বছর আগে বিয়ে হয়েছে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তারা স্বামী-স্ত্রী দুজনই ইটভাটায় কাজ করেন।

তারা জানান, হঠাৎ খুপড়িঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের জেবিসি ইটভাটার খুপড়িঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় ভাটার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পুড়ে যাওয়া এনবিএম ইটভাটার খুপড়িঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....