গাজীপুর মহানগরীর সালনা এলাকায় বসতবাড়ির দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এক কলেজছাত্রকে হত্যা করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সালনার পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম মহিউস সুনান চৌধুরী (১৮) ওই এলাকার একেএম জালাল উদ্দিনের ছেলে। সে গাজীপুর মহানগরের কাজী আজিম উদ্দীন কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভিতরে ঢুকে অন্ধকার ঘরে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে এবং চিৎকার দিলে খুন করার হুমকি দেয়। পরে ঘরের আলমারি ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময়ে তার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার এসআই মো.বায়েজিদ জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল দুবৃত্ত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ওই বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় কলেজছাত্র মহিউর তাদের বাধা দিলে দুর্বৃত্তরা কলেজছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, খবর পেয়ে সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ডাকাতি বা লুটের ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। একাধিক বিষয় সামনে নিয়ে তদন্তে ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা, সিআইডি ও পিবিআই পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করার কাজ করছে।
