ঢাকা রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ কাউন্সিলরপুত্র গ্রেফতার, আরেক ছেলের হাসপাতালে মৃত্যু

আইএম নিউজ
সেপ্টেম্বর ৪, ২০২২ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবে-এর বড় ছেলে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর লক্ষীপুরা এলাকায় কাউন্সিলরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই কাউন্সিলরের ছোট ছেলে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর ২৭নং ওয়ার্ডের লক্ষীপুরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় দুটি অস্ত্র ও একটি মাদক মামলার পলাতক আসামি ওই ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবে-এর ছেলে রুহুল আমিন রাজীবকে গ্রেফতার করতে কাউন্সিলরের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো ৩টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

অপর দিকে একই সময়ে পুলিশের ওই অভিযানে খবর টের পেয়ে কাউন্সিলরের ছোট ছেলে আশরাফুল আলম রাজন (২৮) পার্শ্ববর্তী জয়দেবপুর বাজার এলাকায় তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন এবং ওখানেই তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গাজীপুর শহিদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তিনি ওই হাসপাতালেই মারা যান।

এ বিষয়ে কাউন্সিলর জাবেদ আলী জবে জানান, তার ছোট ছেলে রাজন ষ্ট্রোক করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তবে স্থানীয়রা জানান, পুলিশের অভিযানের সময় দুই ভাই রাজিব ও রাজন একই বাসাতে ছিল। রাজন পুলিশের হাতে গ্রেফতার এড়াতে বাড়ি থেকে কৌশলে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় রাজন তার শশুর বাড়িতে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন....