রাত পোহালেই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট। নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আসন্ন পাঁচ সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম ভোট হচ্ছে গাজীপুরে। তাই দেশের সবার চোখ গাজীপুরের দিকে। গাজীপুর সিটির ভোটাররা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছেন। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অপেক্ষা করছেন স্থানীয়রা। তবে শেষ দিনেও প্রার্থীরা উৎকণ্ঠা রয়েছেন ভোটার উপস্থিতি ও সুষ্ঠু ভোট নিয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণে ৪৮০ প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ পোলিং অফিসার কাজ করবেন।
