ঢাকা শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও পরে আত্মহত্যা মামলার প্রধান আসামি রাব্বি ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জে এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পর দিন বৃহস্পতিবার তাকে ফরিদপুরের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার রাব্বি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাব্বি ৯ম শ্রেণির ওই স্কুলছাত্রীর আত্মীয়। মাস ছয়েক আগে সে মীম আক্তারকে প্রথমে প্রেমের ও পরে পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা করবেন না বলে এ প্রস্তাব ফিরিয়ে দেয় মেয়েটির পরিবার।

এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ আগস্ট রাব্বি তার দুই সহযোগীকে নিয়ে জোর করে তুলে বাড়ির পাশে বাগানে নিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় তারা। এর পর ওই রাতেই বিষপান করে মেয়েটি।

তাকে হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তবে চিকিৎসাধীন ধর্ষণের ঘটনার বর্ণনা জানিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দি দেয় সে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, রাব্বি তার পরিকল্পনা ও নেতৃত্বে ওই স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত তার দুই সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....