নগরকান্দা প্রতিনিধি :: ফরিদপুরের সালথা উপজেলায় এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে জুয়েল মোল্লা (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল মোল্লা কাগদী গ্রামের হান্নান মোল্লার ছেলে। তিনি একজন নছিমনচালক।
স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার সন্ধ্যায় নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জুয়েল মোল্লা।
নিহতের পরিবার জানান, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সালথা থানার এসআই আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।
