রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীতে বাড়িতে ঢুকে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মো. সম্রাট মোল্লা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সম্রাটকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
গ্রেফতার সম্রাট সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের শহর আলী মোল্লার ছেলে। পুলিশ গত বৃহস্পতিবার সম্রাটকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছেন।
এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের জালদিয়া গ্রামের ইউপি সদস্য জাহিদ শেখ জানান, গত ২২ সেপ্টেম্বর বিকালে ৭ম শ্রেনির ওই স্কুলছাত্রী তার বাবা, মা, বাড়িতে না থাকায় রান্না করছিল। তখন সম্রাট হঠাৎ ঘরে ঢুকে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সম্রাট পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সম্রাটকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
