ঢাকা রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়লা আর কচুরিপানায় মৃতপ্রায় নরসুন্দা নদী

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। মানচিত্রে নদী থাকলেও বাস্তবে পুরোটা নেই। যেটুকু আছে সেটুকুর পরিবেশও নষ্ট হচ্ছে। নদীর মধ্যে কচুরিপানা ও আবর্জনা এবং ময়লা ফেলে একে ভাগাড়ে পরিণত করা হয়েছে। নদীখেকোরা তীর দখল করে বানিয়েছে স্থাপনা। বিভিন্ন সময় এসব স্থাপনা ভাঙার কার্যক্রম শুরু হলেও তা বেশিদ‚র আগায়নি। কিশোরগঞ্জবাসীর অনেক আশার একটি প্রকল্পের নাম ‘কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনর্বাসন ও পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প।’
জানাযায়, ১১০ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জ নরসুন্দা নদী খনন ও পৌরসভা এলাকার উন্নয়ন এ প্রকল্পটি ২০১২ সালের ২২ নভেম্বর উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। নদী খনন করে লেকে পরিণত করা হলেও অবস্থার উন্নতি হয়নি। এই টাকায় নরসুন্দা নদীর ৩৫ কিলোমিটার এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়। এর মধ্যে ছিল হোসেনপুর উপজেলার কাউনা এলাকা থেকে সদর উপজেলার নীলগঞ্জ পর্যন্ত ও শহরের মনিপুর ঘাট থেকে যশোদল এলাকার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পর্যন্ত নদী খনন। অন্যান্য কাজের মধ্যে ছিল নদীর ওই এলাকায় তিনটি পুরোনো সেতুর সংস্কার, ছয়টি নতুন বড় সেতু ও চারটি নতুন পদচারি সেতু নির্মাণ, নদীর পাড়ে ছয় কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, ২০ কিলোমিটার রাস্তা, আটটি ঘাট ও দুটি বিনোদন পার্ক, একটি ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ, ফুটপাতের বিদ্যুতায়ন ও পথচারী শেড নির্মাণসহ নদীপাড়ের সৌন্দর্যবর্ধন।
নরসুন্দা নদী প্রকল্পে অনেক লুটপাটের অভিযোগ রয়েছে এবং খননের পর নদীটি ময়লা আর কচুরিপানার ভাগাড়ে রুপ নিয়েছে। এছাড়াও নদীর পাড় সংলগ্ন অনেক জমি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথ উদ্যোগে নদী খনন প্রকল্পের কাজটি করে।
প্রকল্পের এ কাজটি সমাপ্ত হয় ২০১৬ সালে। নরসুন্দা নদী খননের পর পানির প্রবাহ না থাকায় কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরপুর। যার ফলে নদীটি নাব্যতা হারিয়ে ময়লা আর আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্রোত না থাকায় নদীর পচা দুর্গন্ধ যুক্ত পানি থেকে রোগজীবাণু ছড়াচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনে প্রকল্প কাজে ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) বাস্তবায়নের দাবী জানান শহরবাসী। শহরবাসী নরসুন্দায় নাব্যতা ও নান্দনিকতা প্রত্যাশা করে।
সরেজমিনে গিয়ে দেখা যায় নরসুন্দা নদীর শোলাকিয়া ইদগাহ মাঠ সংলগ্ন অংশে ময়লা আর কচুরিপানার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা এবং কচুরিপানা পরিষ্কার না করায় এতে মশার বংশ বৃদ্ধি হচ্ছে। এবং পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। যার ফলে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। তাই দ্রæত নরসুন্দা নদীর ময়লা এবং কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

 

সংবাদটি শেয়ার করুন....