ঢাকা শনিবার , ২১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খালের উপর সেতু না থাকায় দুর্ভোগে এলাকাবাসী

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ
অক্টোবর ২১, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নাককাটারচর ও সাহেবেরচর গ্রামের একটি খালের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে আছে গ্রামের স্কুল পড়–য়া শিক্ষার্থী, পথচারী, কৃষকসহ হাজারো মানুষ। ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাঠের ফসল ঘরে আনতে, গরু -ছাগল নিয়ে পথচারীরা ওই খালটি সাঁতরে পার হতে হয় তাদের।
তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম থেকে নাককাটার চর খেয়াঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে চলাচলের রাস্তার মাঝে ওই খালটি রয়েছে। বর্তমানে এ খালটিই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলের হাজারো মানুষের জন্য। এ খালের ওপর ছোট একটা সেতু নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী বিভিন্ন জায়গায় বহুবার লিখিত আবেদন জানিয়েও কোনো প্রতিকার পায়নি।
জানাযায়, উপজেলার সাহেবেরচর গ্রামের প্রায় ৫০০ একর ফসলী জমির মাঠ চরআলগী, চরকাটিহারী গ্রামে। এসব জমিতে যেতে গলাকাটা বাজার কিংবা গফরগাঁও, ময়মনসিংহ বা ঢাকা যেতে হলে এই খাল পার হয়ে যেতে হয়। স্কুল, কলেজ, ফসল বাজারজাত করাসহ গুরুত্বপ‚র্ণ জায়গায় যেতে ওই গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন গরু-ছাগল নিয়ে সাঁতরিয়ে পাড় হতে হয় সবার।

স্থানীয় কৃষক শাকিল মিয়াসহ অনেকেই জানান, শুধু ওই খালটি পারাপারের কষ্টের কারণে জমিতে কাজ করার জন্য সহজে কোনো কাজের লোক খুঁজে পাওয়া যায় না।

এ সময় সাহেবেরচর গ্রামের জসিম উদ্দিন বলেন, অনেকবার কর্মকর্তা, জনপ্রতিনিধিরা খালের কারণে জনভোগান্তি দেখে গেলেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলার সিদলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. কামরুজ্জামান কাঞ্চন জানান, বর্তমানে সাহেবের চর ও নাককাটার চর গ্রাম দুটি প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত থাকলেও ওই খালটি গ্রামবাসীদেরকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। তাই জনদুর্ভোগের কথা চিন্তা করে এই খালের ওপর জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণ করা একান্ত প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন....