গত মঙ্গলবার অবরোধ চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে মারধোর করে আহত ও সরকারি কাজে বাঁধাপ্রদান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় পুলিশের পক্ষ থেকে কুলিয়ারচর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে কুলিয়ারচর উপজেলার ছয়স‚তী ইউনিয়নে পুলিশের উপর সন্ত্রাসী হামলা মারধোরের ঘটনায় ২টি মামলা দায়ের করেছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ।
মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলমকে প্রধান আসামি করে এবং মামলায় এজাহার নামীয় ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা বিএনপির আরো ১৫-১৬শ জন কে প্রতিটি মামলায় বিএনপির নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
এছাড়া বাজরা বাসষ্ট্যান্ডে বিএনপি-জামায়াত যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ২৫০-৩শ জনকে আসামী করে মামলা দায়ের করেন থানার এসআই নুরে আলম। হামলার ঘটনায় মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় অন্যান্য আহতরা হলো এস আই দেব দুলাল, এ এসআই তারেক পারভেজ, শাকিনুর,এস আই নুরে আলমসহ ১৬ জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত আছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা। এ দিকে জেলা বিএনপির ডাকা অবরোধের ২য় দিনে ভৈরব- ময়মনসিংহ মহাসড়কে কুলিয়ারচর ও ভৈরব মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সকাল থেকে মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
