ঢাকা শুক্রবার , ৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী খুন

আইএম নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোমেন (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

নিহত মোমেন স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাদী এলাকার আফাজউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি তার নিজ বাড়ি থেকে রূপগঞ্জ উপজেলার গাউছিয়ায় পাইকারি আড়ত থেকে অটোরিকশাযোগে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন। আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় মুড়ির মিলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা বাঁশ দিয়ে তাকে বহন করা অটোরিকশার গতিরোধ করে।

পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ভোরেই লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় চায়ের দোকানি আউয়াল মিয়া বলেন, ভোর ৫টার দিকে কিছু লোক অটোরিকশা বাঁশ দিয়ে থামায়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমি চিৎকার শুনে ভয়ে দোকান থেকে বের হয়নি। পরে পুলিশ আসলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, কিছু ছিনতাইকারী সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ সময় তার কাছে থাকা কিছু টাকাও নিয়ে গেছে। তবে দুষ্কৃতকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....