ঢাকা বুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হেমনগরে ভোটকেন্দ্রের সামনে অস্ত্র নিয়ে সংঘর্ষ

আইএম নিউজ
অক্টোবর ১২, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালপুর প্রতিনিধি :: গোপালপুরে হেমনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট শুরুর আগেই কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে নেওয়া হয়েছে একজনকে। হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট শুরুর আগে সকাল থেকে উভয়পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাদের অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রের বাইরে। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম রেজা তালুকদারকে ফোন দেওয়া হলেও তারা ধরেননি।

থানার ওসি মোশারফ হোসেন জানান, কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....