ঢাকা শনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে কুপিয়ে ২ যুবককে জখম

আইএম নিউজ
অক্টোবর ১৫, ২০২২ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় মো. মানিক মিয়া (২৮) ও নয়ন মিয়া (৩০) নামে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত মানিকের চাচা দুলাল বলেন, রাত ১২টার দিকে কয়েকজন মানিককে ও তার বন্ধু নয়নকে কুপিয়ে জখম করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

তিনি আরও বলেন, আহত মানিকের অবস্থা গুরুতর, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। মানিক ও নয়ন জানিয়েছেন, আদাবরের জুম্মন, শাহীন, ফয়সাল, সোহেল, কাজল, আলামিন ও সাদ্দামসহ ৮-১০ জন তাদের জখম করেছে। রাতে পুলিশ এসেছিল, আমরা থানায় মামলা করতে যাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম বলেন, মধ্যরাতে দুই যুবককে কুপিয়ে আহত করার একটি ঘটনা আমরা জানতে পেরেছি। রাতে একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে আমাদের একটি টিম কাজ করছে। ঢাকা মেডিকেলে আহত দুজনের চিকিৎসা চলছে। তাদের স্বজনরা অভিযোগ করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুদের টাকা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন....