ঢাকা মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ অভিযানে সংসারের চাকা ঘুরছেনা ফুটপাত ব্যবসায়ীদের

মো. ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে যানজট মুক্ত রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে ফুটপাত দখল করতে প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান চালায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এতে সাধারণ মানুষের চোখে মুখে সস্তির ছাপ ভেসে উঠেছে। প্রশাসনের এ মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী সহ সাধারণ মানুষ।
অন্যদিকে এই উচ্ছেদ অভিযানের ফলে প্রায় এক হাজারের বেশি ফুটপাত ব্যবসায়ী বেকার হয়ে পড়েছে। তাদের চোখে মুখে দেখা দিয়েছে হতাশার ছাপ। সংসারের চাকা ঘুরছেনা অধিকাংশ ফুটপাত ব্যবসায়ীদের। তবে ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসন করার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ সদর- হোসেনপুর-১ আসনের সাংসদ সদস্য ডা: জাকিয়া নূর লিপি।
ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই পোষাক ও চটপটি-ফুসকা ব্যবসায়ী। কেউ কেউ চা বিক্রি করে আবার অনেকে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখন তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন-যাপন করছে।
শহরের গুরুদয়াল কলেজ মাঠের সাইফুল নামের এক চটপটি ব্যবসায়ী জানান, দীর্ঘ ২ বছর যাবত আমি চটপটি-ফুসকা বিক্রি করে সংসার চালাই। এখন আমাদের উচ্ছেদ করে দিয়েছে। আমরা যাতে ব্যবসা করে সংসার চালাতে পারি সে জন্য সরকার যেন বিকল্প কোন ব্যবস্থা করে এটাই আমার দাবী।
কিশোরগঞ্জ নরসুন্দা হকার্স কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি মো: সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের সমিতিতে প্রায় ৫০জন হকার্স ব্যবসায়ীরা আছেন। আমরা মেইন রাস্তার উপরে ব্যবসা করি না। আমাদের ব্যবসায় পথচারীদের কোন অসুবিধা হয় না। আমাদেরকে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর দুই থেকে তিন লাখ ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। অনেক টাকার মাল আটকা পড়েছে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদেরকে যেন বিকল্প কোন ব্যবস্থা করে দেয়; প্রসাশন ও মেয়রের কাছে আমাদের এটাই দাবী।
কিশোরগঞ্জে মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তুফা বলেন, ’জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারের দিক নির্দেশে ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারের নেতৃত্বে আমরা গৌরাংগবাজার ব্রিজের দু’পাশের ফুটপাত হকারদের কাছ থেকে দখল মুক্ত করেছি। ফুটপাতে ও রাস্তার দু পাশে অবৈধ পার্কিং দ‚র করেছি। কিশোরগঞ্জ শহরকে নিরাপদ ও বাসযোগ্য করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে’।

 

সংবাদটি শেয়ার করুন....