ঢাকা রবিবার , ৩১ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাহালু-বগুড়া সড়কের বেহাল দশা

আইএম নিউজ
জুলাই ৩১, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:: কাহালু-বগুড়া সংযোগ সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। গত পাঁচ বছরে হয়নি সংস্কার। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করছে। একটু বৃষ্টি হলেই খানা খন্দে পানি আটকে যায়। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সরজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, বগুড়া শহরের সঙ্গে কাহালু উপজেলার যোগাযোগের প্রধান রাস্তাটি অনেকটা অকেজো হয়ে আছে। তিনমাথা রেলগেট থেকে কাহালু পর্যন্ত ১১ দশমিক ২০ কিলোমিটার রাস্তার প্রায় পুরো অংশই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তায় প্রতিদিন শহর থেকে কয়েক হাজার যানবাহন নিয়মিত চলাচল করে। এছাড়াও ওই রাস্তার পাশ দিয়ে অসংখ্য ভারি শিল্পকারখানা, ছোট, বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এসব প্রতিষ্ঠানের প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, লরিসহ মালবাহী পরিবহন আসা-যাওয়া করে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যদিয়ে এসব যানবাহন চলাচল করছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলের স্বত্বাধিকারী শফিকুল হাসান জুয়েল মানবজমিনকে বলেন, রাস্তাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হলেও প্রশস্ত নয়। কারখানাগুলোতে যাতায়াত করা বড় যানবাহনগুলো এই সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ মানবজমিনকে বলেন, এই রাস্তাটি সংস্কারের আগে একটি পরিকল্পনা করা দরকার। কাহালু-নন্দীগ্রামের এমপি আলহাজ মোশারফ হোসেন মানবজমিনকে বলেন, ‘কাহালু-বগুড়া সংযোগ সড়ক হিসাবে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে আমি তিনবার রাস্তাটি প্রশস্ত ও সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি, কিন্তু তিনবারই আমার পাঠানো প্রস্তাব বাতিল করা হয়েছে।’ সড়ক ও জনপদ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বগুড়া-কাহালু সংযোগ সড়কটি ২০১৭-২০১৮ অর্থবছরের জুন মাসে সর্বশেষ কাজ হয়েছিল। সংস্কার ও প্রশস্তকরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৮ ফুট প্রশস্ত এই রাস্তাটি আরও প্রশস্ত করার সুযোগ এই মুহূর্তে নেই। আর সংস্কার কাজ দ্রুত শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন....