ঢাকা শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরকে আসামি করে হত্যা মামলা

মুন্সীগঞ্জ সংবাদদাতা
আগস্ট ৩০, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানি শেফালি বেগম। এ মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ৩১৪ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০/৩০০ জনকে।  সদর থানার ওসি আমিনুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে ডিপজলকে (২২) গুলি করে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলার সাবেক তিনজন এমপিকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

বাদীপক্ষের দায়েরকৃত এজাহারে বলা হয়— ‘আসামিদের এহেন কাজে কতিপয় দুর্নীতিবাজ ও দলীয় নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্য সহায়তা করে।’

এর আগে গত ২০ আগস্ট একই এলাকার রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ২০৮ জনের নাম উল্লেখসহ ৫০৮ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলার বাদী হন আন্দোলনে নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম।

সংবাদটি শেয়ার করুন....