ঢাকা মঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনের বিপক্ষে গোল প্রয়াত ভাইকে উৎসর্গ করে যা বললেন ঋতুপর্না

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সাবিনা-ঋতুপর্ণারা। তবে দলের এই বড় জয়ের দিনে ব্যক্তিগত এক শোককে শক্তিতে পরিণত করেছেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। বাহরাইনের বিপক্ষে ম্যাচের দিনটি ছিল তার প্রয়াত ছোট ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এমন দিনে গোল করে সেই গোলটিকেই তিনি উৎসর্গ করেছেন পরপারে থাকা ভাইয়ের প্রতি।

ম্যাচের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা এই আবেগঘন মুহূর্তের কথা জানান। তিনি বলেন,‘বাহরাইনের বিপক্ষে ম্যাচের দিন আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। সে আমার খুব আদরের ছোট ভাই। আমার লক্ষ্যই ছিল, যদি গোল পাই তবে গোলটা ভাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করব। গোল করে সেটা করতে পেরেছি, এতে আমি খুশি।’

এর আগে ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই প্রতিভাবান ফুটবলার। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চেও।

প্রথম ম্যাচে বড় জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগছে না দল। বাংলাদেশের এশিয়া কাপ ভাগ্য নির্ভর করছে আগামীকাল (২ জুলাই) মিয়ানমারের বিপক্ষে ম্যাচের ওপর। সেই ম্যাচের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল, যেখানে ঋতুপর্ণার কণ্ঠেও ঝরল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

প্রস্তুতি নিয়ে তিনি বলেন,‘আমাদের প্রথম ম্যাচ শেষ। ভালো একটি ফল পেয়েছি, এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। কোচ দ্বিতীয় ম্যাচের জন্য যে নির্দেশনা দেবেন, আমরা মাঠে নেমে সেরাটা দিয়ে চেষ্টা করব।’

সংবাদটি শেয়ার করুন....