ঢাকা শুক্রবার , ১১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফেভারিট বাংলাদেশ শুরু করছে সাফ নারী অনূর্ধ্ব-২০ মিশন, প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

আজ শুক্রবার (১১ জুলাই) থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় পর্দা উঠছে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের। ভারত অনুপস্থিত থাকায় এবং স্কোয়াডে জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতিতে শিরোপার দৌড়ে ফেভারিট হিসেবে মাঠে নামছে বাংলাদেশ নারী দল।

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের অনূর্ধ্ব-২০ দল একেবারেই নতুন এবং প্রস্তুতির সময়ও ছিল সীমিত। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে নেপাল ও ভুটান।

এইবারের আসরে অংশ নিচ্ছে চার দেশ- বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গতবারের তুলনায় এবার একটি বড় পরিবর্তন হলো ভারতের অনুপস্থিতি, আর তাদের জায়গায় এসেছে শ্রীলঙ্কা। আয়োজক দেশের সুবিধা, শক্তিশালী স্কোয়াড ও প্রস্তুতির ধারাবাহিকতায় বাংলাদেশের দিকে নজর সবার।

বাংলাদেশ দলে আছেন জাতীয় দলের আট ফুটবলার, যার ফলে টুর্নামেন্টে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তবে উঠছে একটি প্রশ্ন অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই টুর্নামেন্টে কেন নতুনদের জায়গা দেয়া হলো না? এই বিষয়ে কৌশলী উত্তর দিয়েছেন অধিনায়ক, তবে এটি স্পষ্ট বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখতেই নামছে।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো কোচের জানিয়েছেন তারাও এসেছেন শিরোপা জিততে।

নেপাল কোচ ইয়াম প্রসাদ গুরুং বলেন, ‘ভারত-বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। তবে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পারলে সেটি হবে বড় অর্জন।’

শ্রীলঙ্কা কোচ শ্রীনাথা কুমারা জানান, ‘আমাদের দল একেবারে নতুন। অনুশীলনের সময়ও খুব কম পেয়েছি। তবে আমরা উন্নতির লক্ষ্যেই খেলতে এসেছি।’

ভুটান কোচ তানকা মায়া ঘালি বলেন, ‘বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আমরা ভুটানের দক্ষিণাঞ্চলে অনুশীলন করেছি।’

উল্লেখযোগ্য বিষয় হলো, ভুটানের লিগে খেলে বাংলাদেশের ১০ ফুটবলার, ফলে লাল-সবুজ দলের খেলার ধরণ কিছুটা হলেও জানে নেপাল ও ভুটান।

টুর্নামেন্টটি চলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। এগারো দিনব্যাপী এই আসরের শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

প্রতিযোগিতামূলক এই আয়োজনের প্রথম দিনেই মাঠে নামছে ফেভারিট বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা, শিরোপা ধরে রাখার মিশনে কতটা জোরালো শুরু করতে পারে তারা।

সংবাদটি শেয়ার করুন....