ঢাকা শনিবার , ১৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আদিবা ওই গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে এবং স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও ৪-৫ জনসহ বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, তার আপন ভাই-বোন ও সহপাঠিদের নিয়ে নৌকায় ঘুরতে বের হন। এ সময় নৌকা উল্টে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....