ঢাকা শনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তিন ব্যাটারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিশ্বরেকর্ড

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর এবার বুলাওয়েতে সিরিজনির্ধারণী ম্যাচেও স্বাগতিক জিম্বাবুয়ে কোন প্রতিরোধ গড়তে পারেনি। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হওয়ার পর, নিউজিল্যান্ডের ব্যাটাররা রানের পাহাড় গড়তে সক্ষম হয়। তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংসের মাধ্যমে কিউইরা গড়েছে নতুন বিশ্বরেকর্ড।

শুক্রবার (৮ আগস্ট) কিউইদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ‍জিম্বাবুয়ের বোলাররা। তিন বোলার ১টি করে উইকেট নিলেও প্রত্যেকে একশ’র বেশি রান দিয়েছেন। ৭ বোলারকে আক্রমণে আনতে হয় জিম্বাবুয়েকে কিন্তু সাফল্য আসেনি। কিউইদের পক্ষে ডেভন কনওয়ে এবং উইল ইয়াং উদ্বোধনী জুটিতেই ১৬২ রান করেছেন। দ্বিতীয় উইকেটে ৭৩ এবং তৃতীয় উইকেটে ১১০ রানের পার্টনারশিপও যোগ হয়েছে। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। এর ফলে তারা প্রথম ইনিংসে ৪৭৬ রানের লিড নিয়েছে।

দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রের জুটি চলমান রয়েছে ২৫৬ রানে। রাচিন রবীন্দ্র ১৩৯ বলে ২১টি চারের সাহায্যে ১৬৫ এবং নিকোলস ২৪৫ বলে ১৫টি চারের মারে ১৫০ রান করেছেন। এর আগে কনওয়ে ২৪৫ বল খেলে ১৮টি চারের সাহায্যে ১৫৩ রান করেছেন। অন্যদিকে ইয়াং ৭৪ এবং জ্যাকব ডাফি ৩৬ রান করেছেন। এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংস আগে টেস্ট ক্রিকেটে মোটে দুই বার দেখা গিয়েছিল—প্রথমবার ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়বার ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ব্যাটার একই কীর্তি গড়েছিলেন। তবে ৩৯ বছর পর এ ঘটনা আবারো ঘটল, যেখানে এক ইনিংসে তিন ব্যাটার দেড়শ রান স্পর্শ করছেন

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৫ এবং জাকারি ফকস ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দেন।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭৬ রানের লিড নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের লিড। এর আগে ২০১৯ সালের হ্যামিলটন টেস্টে বাংলাদেশের বিপক্ষে তারা ৪৮১ রানের লিড নিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন....