‘৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে’ এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেন তিনি।
নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন জানিয়ে তিনি বলেন, গতকাল (রোববার) জানতে পারি, আমার নামে আমার দলের পক্ষ থেকে শোকজ নোটিশ হয়েছে। প্রথমে মানুষের কাছে শুনলেও রাত ৯টায় নিজের হাতে পাই। সেই নোটিশে আমার দল আমার কিছু কথার ব্যাপারে জানতে চেয়েছে- এসব কথা কেন বলেছি। সেই জবাব আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দেবো এবং আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেটা আমি মেনে নেবো।
নিজের বিরুদ্ধে স্লোগান ও জীবনের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আজকে সকালে আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছিল- ‘ফজলুকে হত্যা করো, ফজলুকে গ্রেপ্তার করো’। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু আমার প্রাপ্য না। দেশের জন্য আমি যুদ্ধ করেছি। কাজেই আমার এই দেশে বাঁচার অধিকার আছে। এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন, স্বাধীন দেশের জন্য আমি যুদ্ধ করেছিলাম, আমার কি অপমৃত্যু কাম্য?
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আমি কোনো আপস করবো না, আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি অন্যায় কথা বলি তারা (জামায়াত) আমার নামে মামলা করবে, আমি জেলে যাবো। কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে আমি কোনো আপস করবো না।
