ঢাকা শনিবার , ৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদের আইনগত ভিত্তি না দেয়া হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে: সেলিম উদ্দিন

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং সেই সনদের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতের মাধ্যমে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমানসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির সামনে নতুন সম্ভবনা দেখা দিলেও একটি মহল বিশেষের ক্ষমতালিপ্সা ও অহমিকার কারণে সে সম্ভবনার অপমৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের আস্কারা পেয়েই দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

জুলাই সনদের আইনগত ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি না দেয়া হলে, তা ‘কিতাবে আছে, গোয়ালে নেই’ বলে বিবেচিত হবে। ফলে এ সনদ শুধু কথামালার ফুলঝুড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে এর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে অন্তর্বর্তী সরকার এবং তাদের পুরো কার্যক্রম অবৈধ ও অসাংবিধানিক হয়ে পড়বে। বেআইনী হয়ে পড়বে জুলাই বিপ্লবও। ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মাথাচাড়া দেয়ার নতুন করে সুযোগ সৃষ্টি হবে।

সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসসহ রাষ্ট্রীয় সব অবকাঠামোকে ধ্বংস করেছে। তাই দেশে সুশাসন ও নাগরিকদের সব অধিকারের নিশ্চয়তা প্রদান করতে হলে রাষ্ট্রীয় কাঠামোর কার্যকর সংস্কার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....