ঢাকা বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয়

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান (রিপন)।

বুধবার রাত ১২টা ১০ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

প্রাপ্ত ফল থেকে জানা গেছে, সভাপতি পদে এটিএম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত প্রার্থী মো. মজিবুর রহমান ভুঁইয়া পেয়েছেন ১৪০ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে মো. তৌহিদুল ইসলাম তরুণ নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল ছাত্তার পেয়েছেন ১৪৬ ভোট। জুনিয়র সহসভাপতি পদে ১৮০ ভোট পেয়ে মোহাম্মদ কাইউম মোল্লা নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী পেয়েছেন ১৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে বিএনপি সমর্থিত এজেডএম রফিকুল হাসান রিপন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মান্নান মিয়াজী পেয়েছেন ১৬৩ ভোট। সম্পাদক ফরমস পদে ১৭৬ ভোট পেয়ে মো. কাইয়ুম হোসেন সুমন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন খান পেয়েছেন ১৫১ ভোট।

এর আগে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ হয়। সমিতির ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৪ জন।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমমনা দুটি প্যানেলে ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমমনা প্যানেলের ১৩ জন এবং আওয়ামী লীগ প্যানেলের দুজন নির্বাচিত হন।

রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহসভাপতি মো. মাইনুল আহছান ও জুনিয়র সহসভাপতি এএনএম মাইনুল ইসলাম।

ফল ঘোষণার পর ২০২২ সালের কমিটির নেতারা ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন....