ঢাকা রবিবার , ১৪ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন খরচের চেয়ে চালের দাম বেশি : খাদ্যমন্ত্রী

আইএম নিউজ
আগস্ট ১৪, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :: জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যে হারে পরিবহন খরচ বেড়েছে তার তুলনায় চালের দাম বেশি বেড়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‌‘এখন দুটি মৌসুমের সন্ধিক্ষণ। বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে মানুষ আমন লাগানো নিয়ে ভয়-ভীতিতে আছে। এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। পরিবহন খরচের হারের চেয়ে চালের দামটা বেশি বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ীও আছেন। এটা পরিষ্কার কথা, আমাদের অস্বীকার করার কিছু নেই।’

এ বিষয়ে মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ মজুতের বিষয়ে আমাদের নিয়মিত মনিটরিং আছেই। সেটা আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।’

ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ২ হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, প্রতিদিন ২ হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে। তারা প্রতিদিন দুই টন করে চাল বিক্রি করবে।

তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি একসঙ্গে চালু হলে আমি মনে করি চালের দাম স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আমাদের সরকারি মজুত আছে, আমরা তো মানুষের জন্যই মজুত করি। যারা এ চাল নেবে তাদের বাজার থেকে আর চাল কিনতে হবে না। সেখানে তো আমরা ভরসা করতেই পারি।

সংবাদটি শেয়ার করুন....