ঢাকা রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সূবর্ণচরে আগুনে পুড়ে গেছে ৬ দোকান

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

জেলার উপকূলীয় উপজেলা সূবর্ণচরে আগুনে ছয়টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সূবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয় ইউপি সদস্য মো.খলিল উল্যাহ জানান, শনিবার রাতে বাজারের একটি পার্টস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান, একটি ক্রোকারিজ, একটি কোল্ডকর্নার, একটি কাপড়ের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক মো. নুরনবী জানান, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন....