ঢাকা শুক্রবার , ১৯ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সারের তীব্র সঙ্কট, দিশেহারা কৃষকরা

আইএম নিউজ
আগস্ট ১৯, ২০২২ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর রানিনগর উপজেলায় চলতি আমনের ভরা মৌসুমে সারের তীব্র শঙ্কট দেখা দিয়েছে। স্থানীয় বাজারের খুচরা দোকানে ও ডিলারের কাছে কৃষকদের চাহিদা মতো মিলছে না ইউরিয়া, পটাশ ও ডিএপি সার। ফলে চরম বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। সার সংকটের কারণে চাষিরা আমন ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন।

কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটকারীরা সারের সংকট তৈরি করার কারণে ডিলারদের কাছে চাহিদা মতো সার না পেয়ে বাড়তি দামে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সার কিনতে হচ্ছে। এতে উপজেলায় সার সংকটে অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থ।

জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলা জুড়ে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৮০ ভাগ জমিতে ধান রোপন করা হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি ২০ ভাগ জমিতে ধান রোপন শেষ হবে। এবার কৃষকরা স্বর্ণা ৫, বিনা ১৭, ৯০, আতব ধানসহ বিভিন্ন জাতের ধান রোপন করেছেন।

কৃষকরা বলছেন, ধান রোপনের শুরু থেকেই উপজেলায় সারের তীব্র সংকট। স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছেও মিলছে না সার। পেলেও বাড়তি দামে কিনতে হচ্ছে। আবার ডিলারদের কাছে গেলে কৃষকদের চাহিদা মত সার দিতে পারছেন না তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বছরে ইউরিয়া সারের চাহিদা ১১ হাজার মেট্রিক টন হলেও সরকরিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সাত হাজার মেট্রিক টন, পটাশ সারের চাহিদা ছয় হাজার হলেও দেওয়া হয়েছে দুই হাজার ২০০ মেট্রিক টন ও ডিএপি সারের ছয় হাজার ৩০০ চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হয় পাঁচ হাজার মেট্রিক টন।

সদরে সার নিতে আসা বরিয়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম সোহেল জানান, আমান মৌসুমে ২০ বিঘা জমিতে আমি ধান রোপন করেছি। জমিতে ঘাস মারা ঔষধ দেওয়ার জন্য ইউরিয়া ৩-৪ বস্তা সারের প্রয়োজন হলে খোলা বাজারে সার না পেয়ে এক ডিলালের কাছে সার নিতে যাই। কিন্তু তারা আমাকে মাত্র এক বস্তা সার দিতে চাইলে, আমি সেই সার না নিয়ে চলে আসি।

দেউলা গ্রামের এক কৃষক জানান, তিনি প্রায় ৭০ থেকে ৮০ বিঘা জমি ধান লাগিয়েছেন। খোলা বাজারে সার না পেয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। সদরে এক ডিলারের কাছ থেকে মাত্র পাঁচ বস্তা ইউরিয়া সার পেয়েছেন তিনি। তার দাবি চাহিদার তুলনায় সার পাননি তিনি।

বিলপালশা গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, তার তিন থেকে চার বস্তা সারের প্রয়োজন হলে ডিলারের কাছে লাইন ধরে দাঁড়িয়ে থেকেও সার পাননি। বাধ্য হয়ে খোলা বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার ১০০ টাকা বস্তার ইউরিয়া সার এক হাজার ৪০০ টাকা করে কিনতে হয়েছে। তার পরও চাহিদা মত সার পাইনি।

খাসগড় গ্রামের কৃষক জয়ন্ত কুমার জানান, জমিতে ওষুধ ছিটানোর জন্য সারের প্রয়োজন হলে স্থানীয় বাজারে ও বিভিন্ন জায়গায় ঘুরেও সার পাইনি তিনি।

এছাড়া বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন, উপজেলা জুড়ে চলছে স্যারের তীব্র সঙ্কট। আর ডিলারের কাছে ছাড়া খোলা বাজারে সার মিলছে না। অনেক দুর-দুরান্ত থেকে ডিলারদের কাছে গিয়েও লাইনে দাঁড়িয়ে সার নিতে বাধ্য হচ্ছেন। এর পরও চাহিদার তুলনায় কোনো সার দিতে পারছেন না ডিলাররা। যে কৃষকের দরকার চার বস্তা সার তাকে ডিলাররা দিচ্ছেন এক থেকে দুই বস্তা বলে দাবি করেছেন। দ্রুত এই সার সঙ্কটের সমস্যার সমাধান না করা হলে আমন মৌসুমের ধান উৎপাদন ব্যাহত হতে পারে বলেও জানান তারা।

থার্টিলাইজার এসোসিয়েশান রানিনগর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুস সাত্তার শাহ্ বলেন, চাহিদার তুলনায় আমরা ডিলাররা সার বরাদ্দ অনেক কম পেয়েছি। ডিলারের ঘরে যে সার রয়েছে, তা কৃষকদের চাহিদা মতো ডিলাররা দিতে পারছেন না। চাহিদা মত সরকারিভাবে বরাদ্দ পেলে সারের সংকট থাকবে না।

তিনি আরও বলেন, নির্দেশনা অনুযায়ী ডিলাররা খোলা বাজারের ব্যবসায়ীদের সার দিতে পারছে না। এই জন্য খোলা বাজারে সারের সংকটের সৃষ্টি হয়েছে। এছাড়া উপজেলা জুড়ে ডিলাররা সরকারি রেটের বাহিরে বাড়তি দামের সার বিক্রি করছেন না বলেও দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে রানিনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার উপজেলা জুড়ে আমন মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ধান রোপন করা হয়েছে। এর মধ্যে চাহিদার তুলনায় সার বরাদ্দ কম পাওয়া গেছে। আবার বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি কৃষকরা যেন সঠিক সময়ে তাদের চাহিদা মত সার পান। উপজেলায় সারের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....