ঢাকা শুক্রবার , ১৯ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

আইএম নিউজ
আগস্ট ১৯, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি :: সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দিনাজপুরের কাহারোলে উপজেলার বিক্ষুব্ধ কৃষকরা। শুক্রবার দুপুর ১২টা থেকে কাহারোল উপজেলার উচিৎপুর নামক স্থানে সড়ক অবরোধ করেন শত শত কৃষক।

কাহারোল বাজারের বিভিন্ন সার বিক্রেতার দোকানে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ কৃষকরা।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক ঘটনাস্থলে গিয়ে কৃষকদের তালিকা তৈরি করে সার বিতরণের আশ্বাস প্রদান করলে দুপুর দেড়টায় কৃষকরা সড়ক অবরোধ তুলে নেন।

কৃষকদের অভিযোগ, সরকার ইউরিয়া ও টিএসপি সারের মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ১০০ টাকা বস্তা, এমওপি ৭৫০ টাকা, ড্যাপ ৮০০ টাকা বস্তা। সেখানে ডিলাররা সব সারের ক্ষেত্রে বস্তাপ্রতি ১০০-২০০ টাকা পর্যন্ত বেশি রাখছেন।

এছাড়া সাধারণ কৃষকদের চাহিদামাফিক সার না দিয়ে ডিলারদের পরিচিত ব্যক্তি ও আধিয়ারদের সার দেওয়া হচ্ছে। সময়মতো সার না পেয়ে উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা করছেন কৃষকরা।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন কৃষকের এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক সব ডিলারের গোডাউন সিলগালা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক।

আনোয়ার হোসেন নামে এক কৃষক জানান, গত কয়েক দিন ধরে সারের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কৃষকরা সার পাচ্ছিলেন না। কিছু জায়গায় সার পাওয়া গেলেও তার দাম বস্তাতে ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছিল।

দাম বেশি নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিকাল থেকে স্থানীয় প্রশাসন উপজেলায় সার বিক্রি বন্ধ করে দেয়।

শুক্রবার সকাল থেকে সার বিক্রি করার কথা থাকলেও সকাল থেকে কোথাও সার পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে কৃষকরা দুপুর ১২টা থেকে সারের দাবিতে সড়ক অবরোধ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক বলেন, উপজেলায় বিএডিসির ১৭ জন এবং বিসিআইসির ১০ জন সারের ডিলার রয়েছেন। সার বিতরণে ডিলারদের বিরুদ্ধে কয়েকজন কৃষক অনিয়মের অভিযোগ তুলেছেন। কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ করার কথা বিবেচনায় নিয়ে কাহারোল উপজেলায় ১০ জন বিসিআইসি ও বিএডিসির সার ডিলারের গোডাউন সিলগালা করা হয়েছিল। শুক্রবার সকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে যথারীতি সার বিতরণ করার কথা, কিন্তু কৃষকরা সার না পেয়ে সড়ক অবরোধ করেন।

এ বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। মনিটরিং কার্যক্রম বাড়ানো হবে। তালিকা তৈরি করে কৃষকদের সার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....