ঢাকা শনিবার , ২০ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাবার হাত ধরে মাদ্রাসায় যাওয়ার পথে প্রাণ গেল শিশুর

আইএম নিউজ
আগস্ট ২০, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে বাবার হাত ধরে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় সাইমন হাসান রনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন একই ইউনিয়নের চরমনসা গ্রামের হাফিজ উল্যার ছেলে ও একই এলাকার বাহারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য এক শিশুসহ সাইমনকে হাফিজ ঘটনার সময় মাদ্রাসায় দিয়ে আসতে যাচ্ছিলেন। এসময় হাফিজ তার দুই হাতে দুইজনকে ধরেছিলেন। হঠাৎ মালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ড ১১-৩৭৬১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে সাইমনকে চাপা দেয়।

স্থানীয়রা জানায়, বাবার হাত ধরে থাকা অবস্থায়ই পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় পিকআপটি রাস্তার বাইরে পড়ে যায়। তাৎক্ষণিক চালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় হাফিজ ও অন্য শিশুর শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি।

হাফিজ উল্যা বলেন, হাসিমুখে মাদ্রাসায় যাওয়ার জন্য ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম।ঘাতক পিকআপটি আমার হাত থেকে সাইমনকে ছো মেরে কেড়ে নিয়ে মেরে ফেলেছে। আমার ছেলেটি কান্নাও করতে পারেনি। সঙ্গে সঙ্গে মারা গেছে। এমন মৃত্যু দেখে আমি কিভাবে বাঁচব।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....