ঢাকা সোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত লক্ষ্মীপুর জেলার কমলনগরের মো. সালাউদ্দিনের (৩৩) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৬ মার্চ) লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের পক্ষে ২০ হাজার টাকা প্রদান করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।

এ সময় চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে সালাউদ্দিনের মরদেহ বুঝে পান তার পরিবারের লোকজন। দুর্ঘটনার পর খবর পেয়ে বাবা মহিজল তার অন্য দুই ছেলে সবুজ হোসেন ও রাকিব হোসেনকে নিয়ে সীতাকুণ্ডে ছুটে গিয়ে ছেলের মরদেহ বাড়ি নিয়ে আসেন। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সালাউদ্দিন কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহিজল হকের বড় ছেলে। তিনি অক্সিজেন প্ল্যান্টের গাড়ি চালক ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকাতেই চলতো দরিদ্র পরিবারের সংসার। ঘরে তার বাবা, সৎমাসহ দুই ভাই ও তিন বোন রয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস জানান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মো. সালাউদ্দিনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....